
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলায় দেশীয় অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক দুটি অভিযানে গ্রেপ্তারদের বসতবাড়ি থেকে সুইচ গিয়ার চাকু, লোহার শাবল, চেইন, কুড়ালসদৃশ অস্ত্র, স্টিলের পাইপ, ধারালো ছোরা ও লোহার বাটযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় অভিযান চালায় গাইবান্ধা ডিবি পুলিশের একটি দল। অভিযানে রাসেল মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সুইচ গিয়ার চাকু, লোহার শাবল, লোহার চেইন, কুড়ালসদৃশ একটি অস্ত্র ও স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
এরপর গ্রেপ্তার রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রীজরোড কালীবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখান থেকে হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো লোহার ছোরা ও লোহার বাটযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর আব্দুল মোত্তালিব সরকার। তাঁর নেতৃত্বে ডিবির সংশ্লিষ্ট টিম গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে পরপর দুটি স্থান থেকে অস্ত্র উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশের এমন ধারাবাহিক তৎপরতা স্থানীয়ভাবে গুরুত্ব পেয়েছে।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা এসব দেশীয় অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় তদন্ত চলছে।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
