
আদালতে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বিবাদী পক্ষের উসকানিতে হামলার চেষ্টা অভিযোগ
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি
জমিজমা সংক্রান্ত বিষয়ে আদালতে ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় কিশোর গ্যাংয়ের তাণ্ডবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক সাইফুর রহমান শামীম ও তার পরিবার।
অভিযোগ অনুযায়ী, বিবাদী পক্ষের ইন্ধনে কিশোর গ্যাংয়ের নেশাগ্রস্ত ২–৩ জন যুবক প্রায়ই সাংবাদিক শামীমের বাসার সামনের সড়ক থেকে অশ্রাব্য গালিগালাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গ্যাংয়ের মূলহোতা মুসার ছেলে আবদুল বাতেন অজ্ঞাত আরও দুজনকে সঙ্গে নিয়ে সাংবাদিকের বাসার সামনে এসে বাসা পুড়িয়ে দেওয়ার হুমকি, “বের হলে পা কেটে দেবে” এমন ভয়াবহ হুমকি দেয় ও চিৎকার-চেঁচামেচি করে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
নিরুপায় হয়ে সাংবাদিক শামীম তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি ফোনে অবগত করলে, তিনি দ্রুত একটি পুলিশ টিম ঘটনাস্থলে পাঠান। পুলিশ পৌঁছে অভিযুক্তদের সতর্ক করে দেয়।
সাংবাদিক সাইফুর রহমান শামীম জানান, “আদালতে ১৪৪ ধারা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা আমাকে হয়রানি করতে বুধবার (১২ সেপ্টেম্বর ২০২৫) থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে পুলিশ পাঠিয়েছে। পরদিন সকালেই তাদের পক্ষের লোকেরা আমার বাসার সামনে তাণ্ডব চালিয়েছে—এটা খুবই রহস্যজনক।”
তিনি আরও বলেন, “আমি ও আমার পরিবার এখন মারাত্মক নিরাপত্তাহীনতায় আছি। প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছি।”
