(হবিগঞ্জ) বানিয়াচং প্রতিনিধি !! হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরে মঈনুল হাসান (১২) নামের মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। নিহত মাদ্রাসা ছাত্র মঈনুল দোয়াখানী এলাকার আতিকুর রহমানের পুত্র এবং স্থানীয় দোয়াখানী দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। জানা যায়, গত মঙ্গলবার সকাল থেকে মঈনুল হাসানকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিবারসহ অন্যান্য আত্মীয় স্বজনরা নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধানের জন্য দিনব্যাপী বিভিন্ন এলাকায় খোঁজ করেন। সন্ধান না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আবগত করে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে পোস্ট করা হয়। নিখোঁজের ২৪ ঘন্টা পর বুধবার দুপুরে দোয়াখানী এলাকার মরজাত খালে নারী পোষাক পরিহিত অবস্থায় ওই ছাত্রের মরদেহ ভাসছিল। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই ছাত্রের গায়ে নারী পোষাক দেখে হতবাক নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পিতা আতিকুর রহমান জানান, আমার ছেলে মাদ্রাসা ছাত্র সে সবসময় গায়ে পাঞ্জাবি পরতো। নারী পোষাক দেখে তিনি দাবি করেন এটা পরিকল্পিত হত্যা, তিনি পুত্র হত্যার বিচার চান। এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘঠনার সতত্যা জানিয়ে বলেন, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
