
ঠাকুরগাঁওয়ে একতা এক্সপ্রেসে বিক্রেতাকে ছুরি মারার অভিযোগ, নিহত ১
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ঢাকাগামী ট্রেনে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ শে নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে দুই ভ্রাম্যমাণ বিক্রেতার কথাকাটাকাটির জেরে ছুরিাঘাতে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আল-আমিন, তিনি ট্রেনে পপকর্ন বিক্রি করতেন। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলায়। ঘটনার পর ট্রেনের অন্যান্য যাত্রীরা তাঁকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ট্রেনে পপকর্ন বিক্রেতা আল-আমিন ও নারিকেল বিক্রেতা আরেক যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ট্রেনটি পীরগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছালে কথা কাটাকাটি তীব্র আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, ওই নারিকেল বিক্রেতা তার সঙ্গে থাকা নারিকেল কাটার ধারালো ছুরি দিয়ে আল-আমিনের গলায় আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় আল-আমিন মেঝেতে লুটিয়ে পড়লে যাত্রীরা চিৎকার শুরু করেন। পরে সহযাত্রীরা দ্রুত তাঁকে ট্রেন থেকে নামিয়ে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,
“একতা এক্সপ্রেস ট্রেনের ভেতরে দুই ভ্রাম্যমাণ বিক্রেতার মধ্যে বিরোধের জেরে ছুরিাঘাতে একজন নিহত হয়। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ওমর ফারুক
ঠাকুরগাঁও প্রতিনিধি।
