বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়
পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদের সঞ্চালনায় এবং প্রেসক্লাব সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ও পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সুধীজনরা।
অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ. রায়হান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। পরে বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখী টেলিভিশন দেশ-বিদেশের সংবাদ, বিনোদন ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংস্কৃতিবান্ধব অনুষ্ঠান প্রচারে চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আলোচনা শেষে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি
