
ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং সেই অধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে তাঁকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, দলীয় মনোনয়ন দেওয়ায় তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, এই আসন থেকে আবারও জনগণের সেবা করার সুযোগ পাওয়াকে তিনি পরম সৌভাগ্যের বিষয় হিসেবে দেখছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে যদি তিনি নির্বাচিত হতে পারেন, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, এই এলাকার মানুষের কাছে তাঁর বিনীত আবেদন—আগের মতোই যেন তাঁরা পাশে থাকেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে সহযোগিতা করেন, যাতে তিনি এলাকার মানুষের প্রত্যাশা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পান।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির অন্যতম পরিচিত নেতা হিসেবে দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে সক্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ওমর ফারুক
ঠাকুরগাঁও প্রতিনিধি।
