
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারি মাঠের সামনে সরকারি (জমি) দখল করে,গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
(০৭-জানুয়ারি) বুধবার বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া,রাজশাহী,শিবু দাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বানেশ্বর কাচারি মাঠের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা (৫০)টি অস্থায়ী অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,উচ্ছেদকৃত এসব অবৈধ স্থাপনা দীর্ঘদিন ধরে সেখানে কার্যক্রম চালিয়ে আসছিল,বিশেষ করে আমের মৌসুমে এসব স্থাপনায় আম কেনাবেচার নামে কাচারি মাঠের সামনে সড়ক দখল করে রাখা হতো,যার ফলে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হতো এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
আমের মৌসুম শেষ হলেও সংশ্লিষ্টরা স্থাপনাগুলো সরিয়ে না নিয়ে সেখানে বিভিন্ন ধরনের পণ্য কেনাবেচার জন্য অবৈধভাবে সরকারি জায়গা দখল করে রাখে,বারবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তারা দখল ছাড়েনি,এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া,রাজশাহী,শিবু দাস বলেন,সরকারি জমি দখলমুক্ত রাখা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ, কোনোভাবেই সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বানেশ্বর হাটের ইজারাদার জাকির হোসেন রাসেল সরকার, বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান মতিসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দখলমুক্ত হওয়ায় স্থানীয় জনগণ ও সেবা প্রত্যাশীরা স্বস্তি প্রকাশ করেছেন।
মোঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া প্রতিনিধি,
