আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাংবাদিকদের কাছ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ পাওয়ায় কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। খুব শিগগিরই ম্যানুয়ালি কার্ড ইস্যুর বিস্তারিত কার্যপদ্ধতি গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
জ্যেষ্ঠ সচিব বলেন, “যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে। তবে যারা এখনো আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।”
এর আগে জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। তবে আবেদন প্রক্রিয়াটি জটিল ও ব্যবহারবান্ধব নয় বলে অভিযোগ ওঠে বিভিন্ন গণমাধ্যমকর্মীর পক্ষ থেকে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নিজেও অনলাইন প্রক্রিয়াকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ উল্লেখ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এদিকে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুতে সৃষ্ট জটিলতা নিরসনে নির্বাচন কমিশনকে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় বেঁধে আলটিমেটাম দেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
সাংবাদিক নেতাদের ওই আলটিমেটামের পরিপ্রেক্ষিতেই অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্তে পৌঁছায় নির্বাচন কমিশন, যা নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
এদিকে, আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানে ইসিকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এরপরই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।
