
পুঠিয়া প্রতিনিধিঃ
মিজানুর রহমান (মিজান)
তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষকেরা। ভোর থেকেই চারা হাতে মাঠে নামছেন তারা।
এরই মধ্যে ভাল্লুকগাছি ইউনিয়নের কান্তার বিলে দেখা গেছে ব্যতিক্রমী চিত্র মাইক বাজিয়ে গানের তালে পেঁয়াজ রোপণ করছেন কৃষকেরা। কাজের ফাঁকে নাচতেও দেখা যাচ্ছে তাদের।
সরেজমিনে পুঠিয়া, ভাল্লকগাছি, জিউপাড়া, শিলমাড়িয়া ও বানেশ্বর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সারিবদ্ধ লাইনে লাইনে কৃষকেরা হাতে পেঁয়াজের চারা নিয়ে জমিতে রোপণ করছেন। শীতের প্রকোপে শ্রমিক সংকট দেখা দিলেও জীবিকার তাগিদে কাদাপানি মাড়িয়ে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। ভাল্লকগাছি ইউনিয়নের কান্তার বিলে সোহাগ,নাহিদসহ কয়েকজন চাষি জানান,শীতের সময় অনেক শ্রমিক মাঠে নামতে চান না। তাই কাজের একঘেয়েমি কাটাতে এবং সবাইকে উৎসাহিত করতে গান চালিয়ে কাজ করছেন তারা। এতে কাজের গতি যেমন বাড়ছে, তেমনি কৃষকদের মনোবলও চাঙা থাকছে।
চাষিদের একটি দলের গ্রুপ প্রধান রকিবুল ইসলাম ফারুক বলেন, তার দলে ১৪ জন শ্রমিক রয়েছেন। তারা প্রতিদিন গড়ে দুই বিঘা জমিতে পেঁয়াজ রোপণ করেন। চলতি মৌসুমে তার দল প্রায় ২০০ বিঘা জমিতে পেঁয়াজ রোপণ সম্পন্ন করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন,চলতি শীত মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রামে পেঁয়াজ চাষে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ বছর উপজেলায় ৪ হাজার ১৮৫ হেক্টর জমিতে পেঁয়াজের চারা রোপণ হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৩০ জন কৃষককে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মোঃ মিজানুর রহমান (মিজান)
পুঠিয়া প্রতিনিধিঃ
৩১/০১/২৬ইং
