
হাসান ফরাজী, বোরহানউদ্দিন (ভোলা):
ভোলা-২ বোরহানউদ্দিন–দৌলতখান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এতে ভোলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা, নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং আবাসিক গ্যাস সংযোগ চালু।
এছাড়া তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু এবং নারীদের ক্ষমতায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।
জনসভায় আরও বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোসাঃ মাফরুজা সুলতানা, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাফুজুর রহমান বাচ্চু, মারুফ ইব্রাহিম আকাশ এবং ক্বারী গোলাম মোস্তফা। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
