গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুইজন ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
গণপিটুনিতে নিহতরা হলেন, পলাশবাড়ী থানার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে লেবু মিয়া ওরফে ভুণ্ডুল ৩০ এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মোঃ দানেজ মিয়ার ছেলে মইনুল ইসলাম ওরফে (গলাকাটা) মইনুল ৫০।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম খান আলোচিত বন্ধুকে বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও মাদক সহ বিভিন্ন প্রকার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম আলোচিত কন্ঠে বলেন, পুলিশ দুজনের লাশ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাইবান্ধা জেলা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
এলাকাবাসীর সূত্রে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৪টার পর জনৈক নারী ঢাকা থেকে পলাশবাড়ীর উপজেলার ঠুটিয়াপুকুর এসে বাস থেকে নামেন। সেখান থেকে তার স্বামীর ভ্যানরিকশায় করে ঠুটিয়াপুকুর সাদুল্লাপুর সড়ক ধরে বাড়ি দিকে ফিরছিলেন।
পথে ওই সড়কের সাদুল্লাপুর থানার আওতাধীন ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে পাঁচ-ছয় ছিনতাইকারী তাদের অটোভ্যানকে পথরোধ করে দাঁড়ায়। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এ সময় স্বামী স্ত্রীর চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খোর্দ্দমোজাহিদপুর এলাকায় ছিটকে পড়ে যায়। তখন এলাকাবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই দুইজন ছিনতাইকারী মারা যায়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
মোঃ শরীফুল আজম (বাবু)
