নিউজ ডেস্ক: দৈনিক আলোচিত কণ্ঠ:
ঠাকুরগাঁওয়ে রাজনীতিতে এবার সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারের নাম। বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আনা হচ্ছে। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই নারী নেতা ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত। নারী অধিকার, শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে তার ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে। তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
সচেতন মহলের মতে, শিক্ষা, পেশাগত দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে নাজমা আক্তার সংরক্ষিত মহিলা আসনের জন্য উপযুক্ত প্রার্থী হতে পারেন। তারা মনে করেন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ উন্নয়নে তার সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ বলছেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত মহিলা আসনে যোগ্য, সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে নাজমা আক্তার সেই প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারেন।
নাজমা আক্তার বলেন, দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো। রাজনীতির মাধ্যমে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন এবং দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর সমাধানে কাজ করতে চান। এলাকার উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নাজমা আক্তারকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে। পর্যবেক্ষকদের মতে, সংরক্ষিত নারী আসনে তার মনোনয়ন পাওয়া এখন সময়ের অপেক্ষা।
