মো: নুরনবী বোরহানউদ্দিন:ভোলাঃ
“নিতে নয়, দিতে এসেছি। পাশে থাকবেন ভালোবেসে, সেবা দিব নিঃস্বার্থে”—এই স্লোগানকে সামনে রেখে বোরহানউদ্দিন পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় তুঙ্গে রয়েছেন তরুণ সমাজসেবক মেহেদী হাসান সাগর। তিনি বোরহানউদ্দিন পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র সাইদুর রহমান মিলন মিয়া-র বড় ছেলে। বোরহানউদ্দিনের মাটি ও মানুষের সাথে সাইদুর রহমান মিলন মিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। পিতার সেই জনসেবার উত্তরাধিকারী হিসেবে মেহেদী হাসান সাগর ইতোমধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। তরুণ এই নেতা মনে করেন, রাজনীতি মানে ভোগ নয়, বরং ত্যাগের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানো।
সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাগর জানান, তিনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, বরং বোরহানউদ্দিন পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই মাঠে নেমেছেন। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন: “আমার বাবা আপনাদের সেবা করেছেন, আমি আপনাদের সন্তান হিসেবে সেই সেবার ধারা আরও বেগবান করতে চাই। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই।” পৌরসভার বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, শিক্ষিত ও মার্জিত আচরণের কারণে সাগরের প্রতি সাধারণ মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যাপক সমর্থন রয়েছে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তার বলিষ্ঠ অবস্থান এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। মেহেদী হাসান সাগরের নির্বাচনী দর্শনের মূল ভিত্তি হলো নিঃস্বার্থ সেবা। বোরহানউদ্দিনের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় মেহেদী হাসান সাগর এখন এক নতুন আশার নাম। তিনি বিশ্বাস করেন, পৌরবাসীর ভালোবাসা ও সমর্থন থাকলে বোরহানউদ্দিন পৌরসভা হবে দক্ষিণাঞ্চলের একটি আদর্শ নগরী।
