মো: নুরনবী বোরহানউদ্দিন (ভোলা)ঃ
১০ মার্চ, ২০২৬ ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সোহেল (২৯) নামে এক যুবককে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইউসুফ নগর বাজার এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই আবু জাফর খান ও এএসআই মাহফুজ আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ইউসুফ নগর বাজারে অভিযান পরিচালনা করে। এসময় সোহেলকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত সোহেল ওই ওয়ার্ডের সিদ্দিক মিয়ার ছেলে। গত কয়েক দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। একের পর এক মাদক কারবারি আটক হওয়ায় পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে পুলিশের এই কঠোর অবস্থান অত্যন্ত প্রশংসনীয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের সাথে কোনো আপস নেই। তিনি বলেন: উপজেলায় মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।” আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও থানা সূত্রে জানা গেছে।
