মো: নুরনবী , বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি। ১ এপ্রিল, ২০২৬
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১:৩০ মিনিটের দিকে বড় মানিকা ইউনিয়নের রাড়ী বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হ্যাপি (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ বছর আগে বড় মানিকা ইউনিয়নের রাড়ী বাড়ীর বাসিন্দা লিমন ওরফে আলামিনের সাথে হ্যাপির বিয়ে হয়। আলামিন চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করলেও হ্যাপি গ্রামের বাড়িতে তার শ্বশুর-শাশুড়ির সঙ্গেই থাকতেন। বুধবার দুপুরে ঘরের ভেতর তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের পরিবার থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ তোলা হয়েছে। হ্যাপির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন:
“আমার মেয়েকে তার শ্বশুর-শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা হতে পারে না। আমি আমার সন্তান হত্যার সুষ্ঠু বিচার চাই।”
নিহতের স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে হ্যাপির ওপর মানসিক ও শারীরিক চাপ ছিল। তাদের অভিযোগ, হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
