
আবদুর রহমান: নরসিংদীর রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকায় পৃথক দুটি অভিযানে ৫ কেজি গাঁজা ও ১০০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে মাহমুদাবাদ লিজা জর্দ্দা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট ডিউটি চলাকালীন এসআই (নিঃ) মোঃ তাজুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স গোলাম সারোয়ার (২৭) নামে এক যুবককে তল্লাশি করেন। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। গ্রেফতারকৃত সারোয়ার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
এদিকে, একই স্থানে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ মোঃ জহিরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জহিরুল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ঘোড়াকান্দা মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এলাকাজুড়ে মাদক নির্মূলে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
