কানাইঘাট প্রতিনিধিঃ
বিজিবি ও পুলিশের অভিযানেও সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালান থামছেনা। এ দুটি উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে সম্প্রতি সময়ে ব্যপকহারে ভারতীয় জিরা, চা পাতা ও বিভিন্ন ধরণের কসমেটিক্স সামগ্রী নিয়ে আসছে সংঘবদ্ধ চোরাকারবারীরা। কানাইঘাটের বিভিন্ন বিজিবি ক্যাম্পের সদস্যরা ও থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান জোরদার করলেও চোরাচালান থামছে না। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)দুপুর অনুমান ১২ টার দিকে কানাইঘাট থানা পুলিশ থানা অদুরে চেক পোষ্ট বসিয়ে জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে নিয়ে আসা ভারতীয় জিরা বর্তী একটি নোহা গাড়ীসহ গাড়ীর চালক কে আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায় নোহা বর্তী ২৫ বস্তা ভারতীয় জিরা সহ জৈন্তাপুর উপজেলার হেমু মাঝপাড়া গ্রামের সোনা মিয়ার পুত্র গাড়ীর চালক আব্দুর রফিককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় থানা পুলিশ আটক ব্যক্তি সহ ভারতীয় জিরা চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। সম্প্রতি সময়ে থানার ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযানে পুলিশ অনেক আংশে সফল হয়েছে। এ ছাড়া থানা পুলিশ চোরাচালান প্রতিরোধ ও অপরাধ দমনে পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্টে সার্বক্ষণিক পুলিশি চেক পোষ্ট বসানো হয়েছে। অপর দিকে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে। গত দুদিন পূর্বে পৌরসভার বায়মপুর গ্রামে অভিযান চালিয়ে ২২৬ বস্তা ভারতীয় জিরা আটক করেছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যারা চোরাচালানের সাথে জড়িত ছিলেন এম একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্র আবারো সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন অবৈধ ভাবে কোটি কোটি টাকার ভারতীয় পণ্য সামগ্রী নিয়ে এসে উপজেলার বিভিন্ন এলাকায় মজুদ করে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক, কাভার ভ্যান, পিকআপ, নোহা,লাইটেস,কার গাড়ী দিয়ে পরিবহণ করে আসছে।
