মোঃ হাসান ফরাজী (বোরহানউদ্দিন)
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবুল মিয়ার বাজার সংলগ্ন রাড়ি বাড়ী এলাকার এক হতদরিদ্র পরিবারের সন্তান মোঃ ইমন বর্তমানে চিকিৎসার অভাবে জীবনসংকটে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি একটি জটিল চর্মরোগে ভুগছেন, যা ক্রমেই মারাত্মক আকার ধারণ করেছে।
জানা গেছে, গত প্রায় ৭–৮ মাস ধরে এই রোগে আক্রান্ত হয়ে তার শরীরে পচন ধরেছে। উন্নত চিকিৎসার জন্য পরিবারের সর্বশেষ সম্বল পর্যন্ত ব্যয় করা হয়েছে। কিন্তু অর্থের অভাবে এখন তার চিকিৎসা কার্যত বন্ধ হওয়ার উপক্রম।
ইমনের জীবনসংগ্রামের গল্পটিও বেশ বেদনাদায়ক। ছোটবেলাতেই তিনি তার বাবাকে হারান। এরপর তার নানী কষ্ট করে তাকে লালন-পালন করেন। বড় হয়ে জীবিকার তাগিদে তিনি গাড়ি চালানো ও গাছ কাটার কাজ করতেন এবং ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
প্রায় তিন বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে। ছোট এই পরিবারটি স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু হঠাৎ তার অসুস্থতা পুরো পরিবারের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দেয়।
প্রথমে স্থানীয়ভাবে বোরহানউদ্দিন ও ভোলার বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, ইমনের নিয়মিত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা অত্যন্ত জরুরি। কিন্তু আর্থিক সংকটের কারণে তা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
বর্তমানে তার দেখাশোনা করছেন তার মা ও নানী। প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন সংকটময় পরিস্থিতিতে ইমনের পরিবার সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আন্তরিক মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। তারা জানান, কেউ আর্থিকভাবে সাহায্য করতে না পারলেও অন্তত সংবাদটি ছড়িয়ে দিয়ে সচেতনতা তৈরি করলে সহানুভূতিশীল মানুষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব।
যদি দানশীল ব্যক্তি তাদের সহযোগিতা করেন তাহলে নম্বরে যোগাযোগ করুন: বিকাশ 01770708075
