

বিপ্লব তালুকদার নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের একটি নির্জন কলাবাগান থেকে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে লালোর গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে।
