
মো: নুরনবী বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন ইলিয়াস ভূইয়া। সোমবার তিনি বোরহানগঞ্জ বাজার থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন।
গণসংযোগকালে ইলিয়াস ভূইয়া স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “পক্ষিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণ সুযোগ দিলে তাদের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।”
এ সময় তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন এবং চেয়ারম্যান পদে তাকে সমর্থন জানান।
উল্লেখ্য, ইলিয়াস ভূইয়া সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বর্তমানে পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।দূর দনে দলের জন্য মামলা, হামলার শিকার হয়েছেন। স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে ইতোমধ্যে এলাকায় পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণা শুরু হওয়ায় পক্ষিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ইলিয়াস ভূইয়ার এই গণসংযোগ কর্মসূচিও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
