

মোঃ হাসান ফরাজী (ভোলা)
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের আয়োজিত একটি শোডাউনে অংশ নিতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ই মে) আনুমানিক বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে কয়েকজন যুবক ব্রাজিল সমর্থকদের শোডাউনে যোগ দিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে রাস্তার মাথা সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মো. বাবুল (২৬) নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হন।
নিহত মো. বাবুল কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৌদ্দের পোল বাজারের পশ্চিম পাশে মুন্সিবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি মৃত মাকসুদুল্লাহর ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহত বাবুলের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সচেতন নাগরিকরা বলেন, সড়কে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে মোটরসাইকেল চালানোর সময় অতিরিক্ত গতি পরিহার, মানসম্মত হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, বরং একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
স্থানীয়দের দাবি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের আরও দায়িত্বশীল হতে হবে এবং নিরাপদ ও সচেতনভাবে যানবাহন চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপও প্রয়োজন।
