পুঠিয়া প্রতিনিধি:
দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক দেশব্যাপী এই মহতি উদ্যোগের উদ্বোধনের পর, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিভিন্ন স্থানে চারা রোপণ কার্যক্রম গতি পেয়েছে।
শনিবার (১২ জুন) সকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের চকরিয়ায় নিজে বৃক্ষরোপণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই বিশাল কর্মসূচির উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় আজ রবিবার (১৩ জুন) দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর ও গাউপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বনজ, ভেষজ ও ফলদ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমা বলেন, ”মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের পরিবেশ রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। পুঠিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আমরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে চারা রোপণ শুরু করেছি। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোকে টিকিয়ে রাখার জন্য স্থানীয় সাধারণ মানুষকেও যত্নবান হতে হবে। আমরা ফলদ, বনজ ও ওষুধি—সব ধরনের গাছের ওপর জোর দিচ্ছি।”
উপজেলা প্রশাসনের সরকারি কমিশনার ভূমি শিবু দাশ বলেন,”পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সবুজায়নের ধারাকে সফল করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। সরকারি জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ সংখ্যক চারা রোপণের পরিকল্পনা রয়েছে আমাদের।”
গাছ লাগানোর এই উৎসবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
মিজানুর রহমান
পুঠিয়া,রাজশাহী
তারিখ: ১৩ জুন ২০২৬
০১৭৩৯ ৪০৭৫১৩
