
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের রৌমারীতে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বিরোধের জেরে লাঠি দিয়ে আঘাত করে চাচি সোনাভানুকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ফারুক হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর মা ও চাচাসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনাভানু ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন ফারুকের মা ধলী বেওয়া (৬০) ও চাচা খলিল মিয়া (৪৮)। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত জয়নাল জোয়ারদারের ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। প্রায় পাঁচ বছর আগে তাঁকে মালয়েশিয়ায় পাঠানো হয়। দুই মাস আগে ছুটিতে দেশে ফেরার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়রা জানান। তাঁদের ভাষ্য, গত তিন-চার দিন ধরে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল।
শুক্রবার দুপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে ফারুকের সঙ্গে তাঁর মায়ের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় তাঁদের থামাতে এগিয়ে গেলে চাচি সোনাভানুকেও লাঠি দিয়ে আঘাত করেন ফারুক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় পরিবারের আরও তিনজন আহত হন।
এ বিষয়ে ওই গ্রামের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন বলেন, ফারুক আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। কয়েক দিন ধরে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। তাঁকে চিকিৎসার জন্য নেওয়ার আগেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ফারুক হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
