
সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে দিনব্যাপী সরকারি সফরে হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। আকাশপথে সুন্দরবনের বিভিন্ন এলাকা ও পয়েন্ট ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
সফরের অংশ হিসেবে নলিয়ান মাঠে পৌঁছানোর পর সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে যান প্রধানমন্ত্রী। পরে জলপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বানৌজা মোংলার উদ্দেশে রওনা হন তিনি।
মোংলায় পৌঁছে দুপুরের মধ্যাহ্নবিরতি শেষে নির্ধারিত সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সভায় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দুপুর পৌনে ৩টার দিকে মোংলা বন্দরের জেটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সোয়া ৩টার দিকে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান তিনি।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে মোংলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিকেল ৫টার দিকে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরটি সম্পূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি হওয়ায় এতে কোনো রাজনৈতিক জনসভা কিংবা দলীয় নেতাকর্মীদের সমাগমের কর্মসূচি রাখা হয়নি।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সমন্বয়ে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
/
