
রহিমা আক্তার,উখিয়া উপজেলাঃ
সেন্টমার্টিন দ্বীপের উত্তর দিকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বিপন্নপ্রায় একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ, প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ ও পাঁচটি ট্রলিং জালসহ ২০ জন জেলেকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২২ নভেম্বর বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, একটি আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ বাধাগ্রস্ত হচ্ছে।
পরবর্তী সময়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। অপর ১৯ জন জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উদ্ধার করা হাঙর ও শাপলাপাতা মাছ এবং জব্দ করা ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযা
ন অব্যাহত থাকবে।
