
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে কাঠের আলমারিতে সংরক্ষিত দুই লাখ টাকা উইপোকা কেটে নষ্ট করে দিয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভুক্তভোগী কৃষকের নাম তোফাজ্জল হোসেন ভাটিয়া। তিনি দীর্ঘদিন ধরে উত্তর ধুমাইটারি গ্রামে কৃষিকাজের সঙ্গে যুক্ত। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে তিনি দীর্ঘদিন ধরে একটি কাঠের আলমারিতে টাকা জমা করে আসছিলেন। শুক্রবার আলমারি খুলে তিনি দেখতে পান জমাকৃত প্রায় দুই লাখ টাকা উইপোকা কেটে ছিন্নভিন্ন করে ফেলেছে।
এ বিষয়ে তোফাজ্জল হোসেন বলেন দুই মেয়ের বিয়ে এবং পরিবারের বিপদের সময় কাজে লাগানোর জন্য টাকাগুলো জমিয়েছিলাম। এই টাকা শুধু টাকা নয় এর সঙ্গে জড়িয়ে আছে আমার দীর্ঘদিনের পরিশ্রম এবং সন্তানদের ভবিষ্যৎ। এভাবে সব শেষ হয়ে যাবে কখনও ভাবিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দহবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছোবেদ আলী। তিনি বলেন শুক্রবার বিকালে আলমারিতে নতুন টাকা রাখতে গিয়ে কৃষক দেখতে পান আগের টাকাগুলো উইপোকা নষ্ট করে ফেলেছে। লোকটি চর এলাকা থেকে এসে এখানে বসবাস শুরু করেন। তার তেমন জায়গা জমি নেই। এতগুলো টাকা নষ্ট হওয়ায় তার বড় ক্ষতি হয়েছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন কৃপণের ধন উইপোকায় খায়। আবার অনেকে বলছেন অসাবধানতার কারণেই এই ক্ষতি হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে নগদ টাকা ঘরে রাখা ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা সংরক্ষণ করাই উত্তম সিদ্ধান্ত।
