সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম ও প্রতিযোগিতার মধ্য দিয়ে সপ্তাহটির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাতৃদুগ্ধ পান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং শিশুর পুষ্টি উন্নয়নে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মো: সায়েম।
ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিউল ইসলাম সজিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রোকেয়া আক্তার, অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আরিফুল ইসলাম আপেল সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সেবাগ্রহীতারা।
সভাপতির বক্তব্য ডা. আবু সাজ্জাদ মো: সায়েম বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, মাতৃদুগ্ধ শিশুর সর্বোত্তম পুষ্টির উৎস এবং সুস্থ প্রজন্ম গঠনে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
পরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
###
mobile 01718070388

