
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘায় দুটি বিদেশি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক রোজিনা খাতুন আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই (নিঃ) মো. স্বপন হোসেন, এসআই (নিঃ) মো. মেহেদী হাসান, এএসআই (নিঃ) মো. নাজমুল সাকিব ও এএসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেনসহ ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে রোজিনা খাতুনের শয়নকক্ষের খাটের নিচ থেকে কাঠের সাদৃশ্য বাটযুক্ত দুটি সচল পিস্তল, মরিচাযুক্ত তিনটি খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে রোজিনা খাতুন তার স্বামীর নাম রুবেল হোসেন (৪৪) বলে জানিয়েছেন। রুবেল একই এলাকার আব্দুস সামাদের ছেলে।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক বলেন, শনিবার রাতে ডিবির বিশেষ টিম অভিযান চালিয়ে দুটি সচল অস্ত্র, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ রুবেল হোসেনের স্ত্রীকে আটক করেছে।
ওসি আরও বলেন, পুলিশের তথ্য অনুযায়ী রুবেল হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তার বিরুদ্ধে এলাকায় পেশিশক্তি প্রয়োগ ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে সিডিএমএস যাচাই করে জানা গেছে। রুবেল হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক রোজিনা খাতুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
