
বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়
পঞ্চগড়ে আওয়ামী লীগকে উদ্দেশ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হন।
রোববার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, আমরা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গুলি করে মানুষ হত্যা, দেশের সম্পদ লুটপাট এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে। এসবের হিসাব দেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে। তাঁর অভিযোগ, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।
এর আগে বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়।
মতবিনিময় সভায় ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে ছিল। এ সময় তিনি দাবি করেন, বিএনপির শত শত নেতা-কর্মী গুম এবং বহু নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি
১৩/০৯/২৬
