
নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও:
আসন্ন ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। শূন্য হওয়া গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ মির্জা ফয়সল আমীনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ঠাকুরগাঁও সদর উপজেলা, রুহিয়া ও ভূল্লীসহ বিভিন্ন এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বৈঠক, মতবিনিময় ও সাংগঠনিক আলোচনা করছেন। এসব আলোচনা ও মতবিনিময়ে স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ মির্জা ফয়সল আমীনের পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় মির্জা ফয়সল আমীন তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে সংগঠনকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূলে তাঁর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে বলেও মনে করছেন সমর্থকরা।
তাদের মতে, উন্নয়নের ধারাবাহিকতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং তৃণমূলের ঐক্য ধরে রাখতে মির্জা ফয়সল আমীনের মতো অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন। এ কারণেই আসন্ন উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে তাঁকে দেখতে চান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ।
এ বিষয়ে মির্জা ফয়সল আমীন বলেন, দলের হাইকমান্ড এবং স্থানীয় নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতি তিনি গভীরভাবে শ্রদ্ধাশীল। দলীয় মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে স্থানীয় নেতাকর্মীদের এই সমর্থন ও ভালোবাসা তাঁর রাজনৈতিক পথচলার বড় শক্তি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তই তাঁর কাছে সর্বোচ্চ। বিএনপি যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে, দলীয় ঐক্য বজায় রেখে সবাইকে সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার পর আসন্ন উপনির্বাচনকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সম্ভাব্য প্রার্থী নিয়ে তৃণমূলের মতামত, সাংগঠনিক প্রস্তুতি এবং দলীয় সিদ্ধান্ত—সবকিছু মিলিয়ে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে এখন উপনির্বাচনই আলোচনার অন্যতম প্রধান বিষয়।
দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন ঠাকুরগাঁও-১ আসনের নেতাকর্মী ও সমর্থকরা।
