
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের উপস্থিতিতে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে শুরু হয়েছে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রোবাবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মীরগঞ্জ ন্যাশনাল ইয়ুথ ক্লাবের আয়োজনে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উদ্বোধনী খেলায় পাবনার বেড়া-সাঁথিয়া ফুটবল একাদশকে ৪-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাঘা উপজেলা একাডেমি ফুটবল একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ। খেলায় সভাপতিত্ব করেন মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন (রিয়াল)।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ বলেন, ক্রীড়াই পারে যুবসমাজকে সঠিক পথে রাখতে। তরুণদের অদম্য প্রাণশক্তিকে ইতিবাচক কাজে রূপান্তর করতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে। খেলাধুলার সার্বিক উন্নয়নে আমাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন (রিয়াল) বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মাঠমুখী করাই আমাদের মূল লক্ষ্য। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে স্বাস্থ্যকর প্রতিযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পাবে। একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করায় আমি সর্বস্তরের ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ জানাই।
মাঠে বল গড়ালেই শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচটি। দুই দলেরই নান্দনিক নৈপুণ্য উপস্থিত বিপুলসংখ্যক দর্শককে মুগ্ধ করে। শেষ পর্যন্ত চমৎকার ফুটবল শৈলী প্রদর্শন করে বাঘা উপজেলা একাডেমি ফুটবল একাদশ ৪-২ গোলের জয় ছিনিয়ে নেয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এম. এম. সালাউদ্দিন আহমেদ (শামীম সরকার)। সঞ্চালনায় ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নওশের আলী মিল্টন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল, ৪ নম্বর মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান কালু, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী কাইয়ুম উদ্দিন এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহাবুবুর রহমান বুলবুল।
এছাড়া আয়োজক কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, খেলোয়াড় ও এলাকার বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উদ্বোধনী খেলাটি উপভোগ করেন।
