
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ব্যাটারিচালিত ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিক আলী (৩১) নামে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বলিদ্বারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিক আলী ওই এলাকার নুর ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও ঝালমুড়ি বিক্রি শেষে ভ্যান নিয়ে বাড়িতে ফেরেন শফিক আলী। পরে বাড়িতে ভ্যানটি চার্জে দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শফিক আলী দীর্ঘদিন ধরে রাণীশংকৈল পৌরশহরের শিবদিঘি ও বলিদ্বারা বাজার এলাকায় ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুজন আলী
রাণীশংকৈল প্রতিনিধি
তাং ২১/০৯/২০২৬ইং
