
মো: বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২৭টি নৌকা ধ্বংস করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসন, জৈন্তাপুরের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২৭টি নৌকা ধ্বংস করা হয়। ধ্বংস করা নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা বলে জানা গেছে।
এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সময় অবৈধভাবে উত্তোলিত ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করে স্পট নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
