
আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মো. শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। এ সময় তার কাছ থেকে একটি অটোরিকশা ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে চারঘাট উপজেলার সারদা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সারদা ট্রাফিক মোড়ের উত্তর পাশে মেসার্স সাফাত এন্টারপ্রাইজের সামনে পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় যাত্রীবিহীন একটি অটোরিকশা চেকপোস্টে এলে তল্লাশি চালানো হয়। অটোরিকশাটির চালকের পায়ের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে সেটি তল্লাশি করা হয়।
পরে বস্তার ভেতর সাদা পলিথিনে মোড়ানো ২০০ বোতল ফেয়ারডিল পাওয়া যায়। এ ঘটনায় ফেয়ারডিলগুলো জব্দ করে অটোরিকশা ও মুঠোফোনসহ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার আলাইপুর গ্রামের মো. আবুল হাশেমের ছেলে।
এসআরবি-৫ জানায়, দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
