
বদরুদ্দোজা প্রধান ,পঞ্চগড়
পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। স্থানীয়দের অভিযোগ, একজন নিরীহ ডিস ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানো হয়েছে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের সত্যতা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের। অভিযানে আব্দুল কুদ্দুস নামের এক ডিস ক্যাবল ব্যবসায়ীর বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধারের দাবি করা হয়। তবে স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, আব্দুল কুদ্দুস কখনোই মাদক কিংবা অস্ত্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
স্থানীয়দের দাবি, আব্দুল কুদ্দুস পরিবারের সঙ্গে প্রতিবেশী সামসুল আলম পরিবারের দীর্ঘদিন ধরে প্রায় দেড় বিঘা জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। জমি দখলের উদ্দেশ্যেই তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযানের পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী পরিবারটি বাড়িতে না থাকায় এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
মামলার পর থেকে আব্দুল কুদ্দুস পলাতক থাকায় তার স্ত্রী ও সন্তানরা চরম মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচারের আশায় পরিবারটি এলাকাবাসীর সহযোগিতায় মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে জানা যায়, গত ২৭ অক্টোবর আব্দুল কুদ্দুসের ভাই ফজলে আলমের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। অভিযোগ রয়েছে, ওই বাড়ির খড়ের ঘর থেকে অস্ত্র ও মাদক উদ্ধার দেখানো হলেও মামলাটি দায়ের করা হয় পাশের বাড়ির মালিক আব্দুল কুদ্দুসের নামে। অভিযানের সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. ফারুকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি আইনি সুবিধা পাবেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের পরিদর্শক এ এস এম মঈনউদ্দিন বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পান, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি।
পঞ্চগড় প্রতিনিধি
