
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, সিনিয়র সাংবাদিক আলী আক্কাস, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রবীণ, প্রতিবন্ধী, বিধবা ও হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে সরকার দাঁড়িয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
