
ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজার সদর উপজেলা এবং ঈদগাঁও উপজেলাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে অভিযান চলেছে। ৭ ফেব্রুয়ারি দুপুরে শনিবার নির্বাচনী এলাকা- ২৯৬ , কক্সবাজার- ৩ এর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং কক্সবাজার ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুল কাদের এ অভিযান চালিয়েছেন।
এ দিন দুপুরে তিনি রঙিন পোস্টার ও লিফলেট লাগানোর কারণে সদর উপজেলায় একজনকে নগদ অর্থ জরিমানা করেন। পরে তিনি ঈদগাঁও বাস স্টেশন ও ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডের আশেপাশে অভিযান চালান।
এ সময় বাজারের উপ- ডাকঘর ও স’মিল সংলগ্ন পথসহ বিভিন্ন পয়েন্ট থেকে রঙিন নির্বাচনী পোস্টার ও লিফলেট তুলে ফেলেন। এছাড়া টমটম, রিক্সা সহ বিভিন্ন যানবাহন থেকেও এসব অপসারণ করা হয় । অভিযান কালে কক্সবাজার সদর মডেল থানা ও ঈদগাঁও থানার পুলিশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী অনুসন্ধান কমিটির বিচারক মোহাম্মদ আব্দুল কাদের জানান, আচরণবিধি ও নির্বাচনে নীতিমালা প্রতিপালনে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের জন্য সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে প্রার্থী ও তার সমর্থক- শুভাকাঙ্ক্ষীদের আচরণবিধি মানাতে কাজ করতে পারেন। তিনি এক্ষেত্রে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে উপস্থিত সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
