
মো: বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পেলুড়ারের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার ৪ নম্বর ঘাট এলাকার রাংপানী নামক স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পেলুড়ারের মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫(১) অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও পরিবেশের ক্ষতিসাধন করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সরকারি বিধি-বিধান অমান্য করে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা নদী ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
