
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমিন বলেন, “গত ছয় মাসে ঠাকুরগাঁওয়ে যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর এত বড় উন্নয়ন আর কেউ করতে পারেননি। এই উন্নয়ন সম্ভব হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বের কারণে।”
তিনি আরও বলেন, আগামী উপনির্বাচনে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না এবং সদস্য সচিব কামরুজ্জামান কামু। বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
