
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিধবা নারীর চুরি যাওয়া ছাগল উদ্ধারসহ চুরির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে পার্শ্ববর্তী হরিপুর উপজেলার ভূতডাঙ্গী গ্রাম থেকে ছাগলটি উদ্ধার করা হয়। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, রাণীশংকৈল পৌরসভার মধ্যভান্ডারা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী মানিকা খাতুন (৪৮) সংসার চালাতে তিনটি ছাগল পালন করেন। গত ২৬ আগস্ট সকালে তিনি ছাগলগুলো ভান্ডারা দাখিল মাদ্রাসা মাঠে চড়তে দেন। বিকেলে গিয়ে একটি কালো রঙের হালুয়ান ছাগল নিখোঁজ দেখতে পান। পরে এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন, ঘটনার দিন বিকেলে তিন যুবক একটি কালো ছাগল সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে গেছে। ওই তথ্যের ভিত্তিতে পৌর শহরের ভান্ডারা ডায়াবেটিস মোড়ে শাহীন আলম (২৪) নামে এক যুবককে শনাক্ত করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীন আলম, জুয়েল রানা (২১) ও রাসেল রানা (২৪)কে আটক করে। আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরিপুর উপজেলার ভূতডাঙ্গী গ্রামের একটি বাড়ি থেকে চুরি যাওয়া ছাগলটি উদ্ধার করা হয়। এ সময় সাহেদা বেগম (৬০) নামে এক নারী পালিয়ে যান। উদ্ধার হওয়া প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের ছাগল ও গ্রেফতার তিন যুবককে রাণীশংকৈল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মানিকা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। রাণীশংকৈল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম রফিক জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
