
I
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সকালে জেলার সাত উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, বিএনপির ৪৮ বছরের দীর্ঘ রাজনৈতিক পথচলা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে জড়িত। দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে জনগণের পাশে থেকে দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি বলেন, আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে।
