
মোঃ শরীফুল আজম (বাবু)
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৫) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাগদা ফার্ম এলাকা থেকে আসা একটি মোটরসাইকেল ও গোবিন্দগঞ্জের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আশরাফ হোসেন বলেন, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা থাকায় দুই চালকই দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক দুই মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দুই চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতদের স্বজনদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
