

বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মামুনের মাছঘাটের পূর্ব পাশে মেঘনা নদীর তীর থেকে আনুমানিক ১০ থেকে ১২ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১ঘটিকার সময় স্থানীয়রা নদীর কিনারায় মরদেহটি ভেসে আসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এখন পর্যন্ত নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্তে জটিলতা দেখা দিয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি অর্ধগলিত থাকায় এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহটির পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে বোরহানউদ্দিন থানায় অথবা নৌ পুলিশ বোরহানউদ্দিন হাকিমুদ্দিন ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
