8
মো: বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর সীমান্তের নিজপাট ইউনিয়নের খিলাতৈল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সামাজিকভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মনসুর আহমদ এবং সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক পংকি মিয়া গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
পরবর্তীতে উভয় পক্ষ সামাজিকভাবে বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করতে সম্মত হন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশ বৈঠকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পরগনার ময়-মুরব্বিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ময়-মুরব্বিরা অংশ নেন। তারা সংঘর্ষের ঘটনা সামাজিকভাবে নিষ্পত্তি করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্যোগ নেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, স্থানীয় বিরোধ সামাজিকভাবে সমাধানের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখা সম্ভব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সংঘাত এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
