
মো: বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট এলাকায় টাস্কফোর্সের অভিযানে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৬ টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, বিজিবি ও আনসারের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুল ইসলাম।
অভিযানকালে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৬ টি মামলা দায়ের করে সংশ্লিষ্টদের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত, বৈধ কাগজপত্র যাচাই এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
