
বিপ্লব তালুকদার:নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বিনাহার ব্রিজসংলগ্ন হাঁসের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি ট্রলি বিনগ্রাম বাজার থেকে বামিহাল বাজারের দিকে যাচ্ছিল। একই সময় একটি মোটরসাইকেল বিনাহার ব্রিজ এলাকা থেকে বিনগ্রাম বাজারের দিকে যাচ্ছিল। পথে যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিনজন আহত হন।
আহতরা হলেন,
১। আঃ মতিন, ২।মো. স্বপন হোসেন ও ৩।মো. সোহেল। সর্ব সাং বিনাহার, সুকাশ ইউনিয়ন, থানা-সিংড়া, জেলা- নাটোর।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, স্বপন হোসেন গুরুতর আহত হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরেছেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় জড়িত ট্রলিটির মালিক হিসেবে একই গ্রামের মো. কামরুল হাসানের নাম জানা গেছে। তবে ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর ট্রলি চালক ও মোটরসাইকেলের আরোহীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বিনাহার গ্রামের মৃত সেফাত মন্ডলের ছেলে আফাজ উদ্দিনের ৩১ শতাংশ জমি মৃত সাবেদ আলীর সঙ্গে এওয়াজ-বদল করা হয়। স্থানীয়দের দাবি এর বিনিময়ে সাবেদ আলী আফাজ উদ্দিনকে ৪১ শতাংশ জমি দেন। জমি এওয়াজ-বদলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন অনেকেই।
স্থানীয়দের ভাষ্য, ওই বিরোধ মীমাংসার জন্য আজ রবিবার সকালে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা ছিল। তবে রাতের দুর্ঘটনার পর তা আর অনুষ্ঠিত হয়নি।
ঘটনার পর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধের কোনো সম্পর্ক রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
