
রাজশাহীর পুঠিয়ায় ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে পুঠিয়া উপজেলার শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে মোঃ লিটন হোসেন (২৭) এবং একই গ্রামের ইসহাকের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৮)।
রাজশাহী জেলা ডিবি পুলিশ জানায়, ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে পুঠিয়া থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন,শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে পাকা সড়কে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সেখানে অভিযান চালান। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করা হয়।
পরে লিটন হোসেনের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে নীল রঙের পলিথিনে রাখা ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পুঠিয়া থানায় মামলা করা হয়েছে।
পুঠিয়া প্রতিনিধি,
মোবাইল ০১৭৩৯ ৪০৭৫১৩
২৫ সেপ্টেম্বর ২০২৬
