
নিজস্ব প্রতিবেদক,
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। এই কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে সরাসরি রাজনৈতিক মোকাবিলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
সাম্প্রতিক সময়ে রাজশাহীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলমান পাল্টাপাল্টি বক্তব্য ও টানটান উত্তেজনার মধ্যেই ছাত্রদল নেতার এই হুঁশিয়ারি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এদিন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে বিএনপির মূল সমাবেশে যোগ দেন। মিছিলে নেতৃত্ব দেন শামীম সরকার। পরে সমাবেশে বক্তব্য রাখার সময় রাজশাহীতে ছাত্রদলের শক্তিশালী সাংগঠনিক অবস্থান ও রাজপথের শক্তির কথা স্মরণ করিয়ে দেন তিনি।
জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উদ্দেশে শামীম সরকার স্পষ্ট ভাষায় বলেন, রাজশাহীর রাজপথে ছাত্রদল দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করে আসছে। কোনো সংগঠন যদি ছাত্রদলকে হুমকি দেওয়ার ধৃষ্টতা দেখায় কিংবা রাজনৈতিকভাবে মোকাবিলার অপচেষ্টা করে, তবে রাজশাহী জেলা ছাত্রদল রাজপথেই তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক দেশে ভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। তবে রাজনীতির নামে রাজশাহীর দীর্ঘদিনের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করার মতো কোনো উসকানিমূলক কর্মকাণ্ড ছাত্রদল কোনোভাবেই মেনে নেবে না। শান্তি ভঙ্গকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শামীম সরকারের এই অনমনীয় অবস্থান রাজশাহীর ছাত্ররাজনীতিতে ছাত্রদলের একচ্ছত্র আধিপত্য ও শক্তি প্রদর্শনেরই একটি অংশ।
