

মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা সংবাদদাতা।।
ভোলায় কাজী ফার্মসের দাদন ব্যবসা ও কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে বাজার নিয়ন্ত্রণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা। বুধবার (৩ ডিসেম্বর) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে কাজী ফার্মস ভোলা ব্রাঞ্চ অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খামারিরা অভিযোগ করে বলেন, কন্ট্রাক্ট ফার্মের উৎপাদন খরচ কম হওয়ায় কাজী ফার্মস নিয়মিত কম দামে মুরগি বাজারজাত করছে। এতে ভোলার প্রায় দশ হাজার প্রান্তিক খামারি মারাত্মকভাবে লোকসানে পড়ছেন এবং অনেক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। তারা জানান, “আমরা বাচ্চা ও ফিড বেশি দামে কিনি, কিন্তু বাজারে দাম কম—এভাবে টিকে থাকা অসম্ভব।”
মানববন্ধনে বক্তারা দাদন ব্যবসা বন্ধ, বাজারে ন্যায্য মূল্য নিশ্চয়তা এবং খামারিদের স্বার্থ রক্ষায় জরুরি পদক্ষেপের দাবি জানান। তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত না এলে জেলাজুড়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
পরে খামারিরা কাজী ফার্মস ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
