
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে জোরালো হলেও এ বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য বা আবেদন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“তারেক রহমান দেশে ফিরতে চাইলে নিয়ম অনুযায়ী একবারের ট্রাভেল পাস দেওয়া সম্ভব। কিন্তু এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আবেদন বা আনুষ্ঠানিক যোগাযোগ আমাদের কাছে আসেনি।”
তিনি আরও বলেন, সরকার কারও দেশে ফেরা ঠেকিয়ে রাখার নীতি অনুসরণ করছে না। তবে একজন বিদেশে অবস্থানরত ব্যক্তির দেশে ফেরার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতেই হয়—যার প্রথম ধাপ হলো ট্রাভেল পাসের জন্য আবেদন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে-বিদেশে ছড়িয়ে থাকা নানা গুঞ্জনের পরও এখনো সরকারিভাবে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি, তারিখ বা পরিকল্পনা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে কোনো উদ্যোগও নেয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি এবং দলীয় অভ্যন্তরীণ আলোচনার কারণে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। তবে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে বিষয়টি এখনও অনিশ্চিতই রয়ে গেছে।
পরবর্তী কোনো আনুষ্ঠানিক আবেদন এলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তৌহিদ হোসেন।